ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

ads

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।  রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।


পাউবো সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই তিস্তার পানি ওঠানামা করছিল। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল। উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত পানি বাড়তে শুরু করে। ৩ ঘণ্টার ব্যবধানে ১৯ সে.মি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর বৃদ্ধি অব্যাহত থেকে সন্ধ্যা ৬টায় পানি সমতল দাঁড়ায় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে ৭ সেন্টিমিটার বেশি।


গত কয়েকদিন ধরেই তিস্তার পানি বিপৎসীমার আশপাশে ওঠানামা করছে। পানির এমন অস্বাভাবিক বৃদ্ধি ও হ্রাসে নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার আশঙ্কায় পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্থানীয়রা জানান, বর্তমানে চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘তিস্তা নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page